Showing posts with label ইউরোপের উদ্দেশে. Show all posts
Showing posts with label ইউরোপের উদ্দেশে. Show all posts

Thursday, February 25, 2010

ইউরোপের উদ্দেশে

ইউরোপের উদ্দেশে
   ---সুকান্ত ভিট্টাচার্য

ওখানে এখন মে-মাস তুষার-গলানো দিন,
এখানে অগ্নি-ঝরা বৈশাখ নিদ্রাহীন;
হয়তো ওখানে শুরু মন্থর দক্ষিণ হাওয়া;
এখানে বোশেখী ঝড়ের ঝাপ্টা পশ্চাৎ ধাওয়া;
এখানে সেখানে ফুল ফোটে আজ তোমাদের দেশে
কত রঙ, কত বিচিত্র নিশি দেখা দেয় এসে।
ঘর ছেড়ে পথে বেরিয়ে পড়েছে কত ছেলেমেয়ে
এই বসন্তে কত উৎসব কত গান গেয়ে।
এখানে তো ফুল শুকনো, ধূসর রঙের ধুলোয়
খাঁ-খাঁ করে সারা দেশটা, শান্তি গিয়েছে চুলোয়।
কঠিন রোদের ভয়ে ছেলেমেয়ে বন্ধ ঘরে,
সব চুপচাপ : জাগবে হয়তো বোশেখী ঝড়ে।
অনেক খাটুনি, অনেক লড়াই করার শেষে
চারিদিকে ক্রমে ফুলের বাগান তোমাদের দেশে;
এদেশে যুদ্ধ মহামারী, ভুখা জ্বলে হাড়ে হাড়ে-
অগ্নিবর্ষী গ্রীষ্মের মাঠে তাই ঘুম কাড়ে
বেপরোয়া প্রাণ ; জমে দিকে দিকে আজ লাখে লাখ-
তোমাদের দেশে মে-মাস; এখানে ঝোড়ো বৈশাখ ।।


চৈত্র, ১৩৯১ সনে
সুহৃদ প্রকাশণী থেকে প্রকাশিত
নওরোজ সাহিত্য সংসদ পরিবেশিত
ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংগ্রহীত